স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখা হয়েছে। এ উদ্যোগের জন্য ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
গত ২০ অক্টোবর শিক্ষার্থীদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের এলএল.বি শেষ পর্বের পরীক্ষার্থী মোহাম্মদ এনামুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের আবেদন করেন। পরে ওই আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখার জন্য সুপারিশ করেন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষাকেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজে নির্ধারণ করা হয়েছিল। এতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের দূরবর্তী জেলায় গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, অতিরিক্ত যাতায়াত ব্যয় ও নানা ভোগান্তির আশঙ্কা দেখা দেয়।
আবেদনে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ, আর্থিক অসচ্ছলতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসনসংকটের বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নারী শিক্ষার্থী ও দুগ্ধপোষ্য সন্তানের মায়েদের সম্ভাব্য সমস্যার কথা উল্লেখ করা হয়।
পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের মতে, এতে যাতায়াতের দুর্ভোগ ও অতিরিক্ত ব্যয় কমবে এবং নিজ জেলায় থেকে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে।
শিক্ষার্থীদের স্বার্থে উদ্যোগ নেওয়া এবং পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের বিষয়ে সুপারিশ করায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা।
