ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২নং বাসুদেব ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় শহরের পুনিয়াউটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের বাসভবনে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের ধানের শীষের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ভুইয়া, মাওলানা হাফেজ নাইমুল হক সাদেকী, মাওলানা আলাউদ্দিন খোয়াজী, পৌর আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুন, সদস্য সচিব হাফেজ সৈয়দ কাসেম, সুলতানপুর ওলামাদল সভাপতি মাওলানা শেখ মনির হোসেন এবং নাটাই দক্ষিণ ইউনিয়ন ওলামাদল সভাপতি মাওলানা ফাইজুর রহমান মুন্সি প্রমুখ।
সভায় মাওলানা মহিউদ্দিন জহিরুল হককে সভাপতি, হাফেজ তুহিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং হাফেজ মুফতি মঈন উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা রুখে দিতে হবে। মদিনার ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রাণ মানুষ হক্কানী উলামায়ে কেরামের দিকনির্দেশনায় জীবন যাপন করেন। এই নবগঠিত কমিটি ইসলামী মূল্যবোধ রক্ষায় নিরলসভাবে কাজ করবে।”
সভাপতির বক্তব্যে মুফতি ইয়াসিন আরাফাত বলেন, “জাতীয়তাবাদী ওলামাদল ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে শক্তিশালী করতে ইউনিয়ন ওলামাদলের এই কমিটি সংগঠনকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”
সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে ইসলামী আদর্শ রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
