ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে সফল হলো ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো কলেজ কর্তৃপক্ষ মেনে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, আন্দোলনের প্রেক্ষিতে কলেজের পরিবেশ ও নিরাপত্তা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা কলেজের আশপাশে থাকা পাঁচটি দোকান উচ্ছেদ করা হবে। একই সঙ্গে কলেজের প্রধান গেট সংস্কারের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই অর্জন প্রমাণ করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তি। তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা আরও উন্নত হবে।
