ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সারাদেশে চলমান নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল বেলা ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে একটি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হবে।উক্ত পদযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতৃত্ব হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।
এ ছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জনসভা ও পথসভার মাধ্যমে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি নিজে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বরং এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে সারাদেশে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
আগামীকালের এই পদযাত্রাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
