বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাতাসে মিশে আছে লাল গোলাপের ঘ্রাণশনিবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। দিনটিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ফুলের দোকানগুলোতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই গোলাপ, রজনীগন্ধা, গাঁদা আর নানা রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে দোকানগুলোকে। ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।প্রিয়জনকে আজ মানুষ ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে ভালোবাসা জানাবে। তাই ফুলের দোকানিদের এই ব্যস্ততা।বিশ্ব ভালোবাসা দিবস খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।
ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুলসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বে ঘটা করে পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস।এদিকে, বিশ্ব ভালোবাসা দিবসকে বরণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়ছে। রঙিন ফুলে ফুলে সাজানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফুলের দোকানগুলো। দুপুরের পর থেকে দোকানগুলোতে বাড়বে ক্রেতাদের আনোগোনা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে একটি ফুলের দোকানে গিয়ে দেখা যায়, কয়েকজন কর্মচারী গোলাপের তোড়া বানাতে ব্যস্ত। কেউ লাল গোলাপ কাগজে মুড়িয়ে সাজাচ্ছেন, কেউ আবার রঙিন ফিতায় বাঁধছেন ভালোবাসার বার্তা লেখা কার্ড।
দোকানি সাজিদ বলেন, ভালোবাসা দিবস আমাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। গত দুই দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এমন দিনে লাল গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি।সাজিদ আরও জানান, সাধারণ দিনে যে গোলাপ ১৫/২০ টাকায় বিক্রি হয়, ভালোবাসা দিবস উপলক্ষে সেটি ৩০/৪০ টাকায় বিক্রি হয়। ফুলের বড় তোড়া ৫০০ থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।
মিতুল নামে এক তরুণ হাতে লাল গোলাপের তোড়া নিয়ে হাসতে হাসতে বলেন, প্রতি বছরই ভালোবাসার মানুষকে কিছু না কিছু দেই। ফুল ছাড়া ভালোবাসা দিবস কল্পনাই করা যায় না। আজ একটু আগে এসেছি, কারণ দুপুরে নাকি আরও ভিড় বাড়বে।
ফুলের ক্রেতা কলেজছাত্রী চুমকি আক্তার বলেন, আমি আমার বন্ধুদের জন্য ছোট ছোট ফুল নিচ্ছি। শুধু প্রেমিক-প্রেমিকা না, বন্ধুদের সঙ্গেও ভালোবাসা ভাগ করে নেওয়ার দিন এটি।ফুল ব্যবসায়ীরা জানান, শুধু গোলাপ নয়, মিশ্র ফুলের তোড়া, হৃদয় আকৃতির ফুলের বাকেট ও কৃত্রিম সাজসজ্জার সামগ্রীর চাহিদাও বেড়েছে। কেউ কেউ আগে ভাগেই অর্ডার দিয়ে রেখেছেন বিশেষ ডিজাইনের তোড়া।ভালোবাসা দিবসের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বাতাসে যেন মিশে আছে লাল গোলাপের ঘ্রাণ আর ভালোবাসার রঙিন স্বপ্ন।
