ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নে শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাসফিল্ডের পাশে প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও ইফতার মাহফিলে বুধল ইউনিয়নসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক ছাত্র-জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিতরা শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। নতুন প্রজন্মকে সেই আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, শহীদদের স্মৃতি ও আদর্শকে স্মরণীয় করে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
