
বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য বহিঃপ্রকাশ বাংলা নববর্ষ। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের নানা রূপ তুলে ধরা হয় বর্ণিল মুখোশ, মাছ এবং গ্রামীণ জীবনের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে। লাঠিখেলা ও সাপখেলার মতো ঐতিহ্যবাহী প্রদর্শনী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। পরে ফারুকী পার্কে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে আনন্দ, সংস্কৃতি ও ঐক্যের সুর এক হয়ে গড়ে তোলে বাঙালির চিরন্তন পরিচয়।