ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন এবং কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী চুরা সফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সোমবার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব-৯ সিপিসি-১ সূত্র জানায়, তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র্যাবের চার সদস্য খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে চুরা সফিক ও তার সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায়।
আহতরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেক। পরে অতিরিক্ত র্যাব সদস্য ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাবের দাবি, হামলায় একজন সদস্যের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয়দের অভিযোগ, চুরা সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করে আসছে।
