নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নিতে কোনো ধরনের তদবির করা হবে না।
শনিবার (১৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর ও মুরাদনগর এলাকায় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
