ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এ সংক্রামক রোগ। আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন বয়সী অন্তত ৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ মে) সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, বর্তমানে সেখানে ৪৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন শিশুকে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেখানে দেখা দিয়েছে তীব্র স্থান সংকট। অতিরিক্ত রোগীর কারণে অনেক ক্ষেত্রে বেড পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতেই শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা জানান, জ্বর, শরীরে লালচে দানা ও দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হঠাৎ করেই আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে সন্তানদের নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের দ্রুত চিকিৎসার পাশাপাশি টিকাদান নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
