ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “1st NILS University of Brahmanbaria Moot Court Competition 2026”।
আজ বুধবার ২০ মে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড। আদালতের আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা আইনি যুক্তি উপস্থাপন, কেস বিশ্লেষণ এবং মৌখিক দক্ষতার মাধ্যমে তাদের পারদর্শিতা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন— আলমগীর মোহাম্মদ ফারুকী, মিজানুর রহমান (সিভিল জজ, নবীনগর চৌকি আদালত, ব্রাহ্মণবাড়িয়া), মোহাম্মদ গোলাম মোস্তফা (সিনিয়র সিভিল জজ, সদর, ব্রাহ্মণবাড়িয়া), আবু জাফর তৌফিক আহমেদ আহাদ (প্রভাষক, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি) এবং ফাহমিন চৌধুরী (প্রভাষক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী আইন শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
