সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সরাইলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে ইসলাম, আজান ও ওয়াজ মাহফিল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা দাবি করেন, সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনীকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে শাহবাজপুরে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা আজান ও ওয়াজ মাহফিল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য জনমনে ক্ষোভ সৃষ্টি করে। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
