ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে গ্রামবাসী। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে গ্রামে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান।
গ্রামবাসীর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত ভাড়াটিয়াদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাত ৯টার পর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অপরিচিত সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম প্রতিদিন রাতেই গ্রামের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালাবে। আজ থেকে সরাসরি মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল চান্দিয়ারা ব্লাড ফাউন্ডেশন ও চান্দিয়ারা আল ফালাহ উলামা ত্বলাবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভা ও জরুরি পরামর্শ সভায় গ্রামের সর্বস্তরের মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
বক্তারা বলেন, “মাদক আমাদের সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। চান্দিয়ারাকে মাদকমুক্ত করতে কোনো মাদক ব্যবসায়ী, সেবনকারী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না। সামাজিক প্রতিরোধ ও প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।”
গ্রামবাসীর প্রত্যাশা, সম্মিলিত এই উদ্যোগ চান্দিয়ারাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করবে।
