*নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:*
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষায় দক্ষ করে তোলা, উচ্চশিক্ষার দিগন্ত উন্মোচন এবং কেরিয়ার গাইডলাইনের লক্ষ্যে এক বিশেষ শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার উত্তরাস্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল আরকাম আল ইসলামিয়া’-এর সার্বিক আয়োজনে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘ভাদুঘর কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন, ইলমের গভীরতা সৃষ্টি এবং বহির্বিশ্বে উচ্চশিক্ষা অর্জনের নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে হয়েছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া-এর প্রিন্সিপাল *শায়খ সানাউল্লাহ আজহারী*। তিনি ইলম অর্জনের উদ্দেশ্যে দেশান্তরী হওয়া এবং বিদেশ সফরের গুরুত্ব পবিত্র কুরআন ও সুন্নাহর অকাট্য আলোকে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে তার বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, ইলমের সফর আমাদের সালাফ ও আকাবিরদের চিরন্তন ঐতিহ্য। বিশ্বমঞ্চে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দিতে আমাদের তরুণ প্রজন্মকে বৈশ্বিক শিক্ষায় দীক্ষিত হতে হবে।জামেয়া আল-আজহারের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রখ্যাত আরবি ভাষা সাহিত্যিক ও মুহাদ্দিস *মাওলানা সালমান আজহারী* বলেন, উচ্চশিক্ষার জন্য আল-আজহার বা বহির্বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করা ছাত্রদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। উম্মতের বৃহত্তর খিদমতের জন্য সংকীর্ণতা পরিহার করে ছাত্রদের মেধার আন্তর্জাতিকায়ন আমাদের মনোযোগ দিতে হবে।
তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নানামুখী শিক্ষা কারিকুলাম ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন । পরিশেষে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে বক্তব্য শেষ করেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন *মুফতি ইমাম হোসাইন ভূঁইয়া*। তিনি ছাত্রদের ইলম ও জ্ঞানের গভীরতা অর্জন, পড়াশোনায় একনিষ্ঠতা এবং সমকালীন নানা বিষয়ে দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে অভূতপূর্ব আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। উপস্থিত ছাত্র ও স্থানীয় সুধীজন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এ ধরনের গাইডলাইনমূলক প্রোগ্রাম যেন ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হয়, সেই আগ্রহ ব্যক্ত করেন।
