মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করে তার সঞ্চিত অর্থ লুটের ঘটনায় জড়িত দুই পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত বিবি বেগম (৭০) ছিলেন একজন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা। তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের জেনারেটর কক্ষের পাশের একটি ছোট কক্ষে বসবাস করতেন। স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার, শৌচাগার পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দেওয়া খাবার ও আর্থিক সহায়তার একটি বড় অংশ তিনি সযত্নে সঞ্চয় করে রাখতেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তার কক্ষের দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তার বালিশের নিচে রাখা প্রায় ২০ হাজার টাকা লুট করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিবি বেগম ইশারার মাধ্যমে মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টারকে ঘটনার বিবরণ জানান। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে তিনি মারা যান।
হত্যাকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় মেথিকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং র্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. দীন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০)। তারা উভয়েই নরসিংদীর রায়পুরা উপজেলার পাচাবোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মো. আব্বাস মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
