আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রাটি শহরের শ্রী শ্রী রাধামাধব মন্দির থেকে শুরু হয়ে মধ্যপাড়া, পৈরতলা বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড় ও পাইকপাড়া মোড় প্রদক্ষিণ করে অন্নদা স্কুলের সম্মুখস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা পদব্রজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ রথযাত্রা নগরজুড়ে এক ভিন্ন আবহ সৃষ্টি করে।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
উল্লেখ্য, রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।
