ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শেখ সাদী সুমন
তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, মানবিক মূল্যবোধ বিকাশ, জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের জন্য ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সদস্য নির্বাচিত হয়েছেন কাউতলী এলাকার জনাব আবু ইসা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে গঠিত এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ০৫.৪২.১২১৩.০০০.০৬.০০২.২৬.১০৭৪) এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি), সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য করা হয়েছে।
শিক্ষানুরাগী প্রতিনিধি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মধ্যপাড়ার মো. লিংকন ভূঁইয়া, কাউতলীর জনাব আবু ইসা, পাওয়ার হাউজ রোডের মো. শাহাদাত হোসেন এবং মৌলভীপাড়ার শামীম আরা বেগম।
কমিটি সূত্রে জানা গেছে, নতুন এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এবং ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ প্রতিযোগিতা সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
