কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার খুলে ভেতরের মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। পরে সেটির ভেতরের বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে বাকি অংশ ঘটনাস্থলে ফেলে যায়। এতে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার সকালে ফজরের নামাজের সময় মুসল্লিদের ওজুসহ বিভিন্ন কাজে দুর্ভোগ পোহাতে হয়।
একই রাতে নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমারও একই কায়দায় খুলে নেয় দুর্বৃত্তরা। সেখান থেকেও ভেতরের সরঞ্জাম খুলে নিয়ে ট্রান্সফরমারের বাকি অংশ ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা।
স্থানীয়রা জানান, নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ওই ট্রান্সফরমার থেকে আশপাশের বেশ কয়েকটি পরিবারও বিদ্যুৎ সংযোগ পেত। ট্রান্সফরমার চুরির পর এসব পরিবারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘটনার পর কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফিরোজ হোসেন বলেন, “ঘটনাস্থলে দ্রুত লোক পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই রাতে দুটি মসজিদের ট্রান্সফরমারের সরঞ্জাম চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
