ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি, বসতভিটা ও জলাশয় ভরাট করে ১ হাজার ২০০ একর ভূমিতে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলাধীন তিতাস ও লইসকানদী সংলগ্ন দত্তখোলা হাওরসহ একাধিক বিল, জলাশয়, কৃষিজমি, বসতবাড়ি ও নিম্নভূমি নিয়ে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হলে স্থানীয় কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
এ সময় প্রস্তাবিত প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্থানীয়দের দাবি, কৃষিজমি, বসতভিটা ও জলাশয় রক্ষার পাশাপাশি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকল্পটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
