ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দোকান ভাড়া নেওয়ার সময় কি চুক্তিপত্রে দোকানের সঙ্গে রাস্তার অংশও ভাড়া নেওয়ার কথা লেখা থাকে? নিশ্চয়ই নয়। অথচ ব্রাহ্মণবাড়িয়ার ব্যস্ত কোর্টরোডে দোকানের সামনের রাস্তা দখল করে স্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দোকানের সামনে রাস্তার জায়গা দখল করে ব্যবসা করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। জায়গা ছেড়ে দেওয়ার কথা বললে অনেক সময় দোকানি ও পথচারীদের মধ্যে বাদানুবাদের ঘটনাও ঘটে।
শুধু দোকানের সামনের দখলই নয়, এই সড়কের অন্যতম বড় সমস্যা ভাসমান হকার ও ফুটপাত দখল করে ব্যবসা। এর সঙ্গে বিভিন্ন মার্কেটের সামনে যত্রতত্র মোটরসাইকেল রাখায় তৈরি হচ্ছে বাড়তি প্রতিবন্ধকতা। ফলে ব্যস্ত এই সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন—সড়ক ও ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ, ভাসমান হকার এবং মার্কেটের সামনে অব্যবস্থাপনার বিষয়গুলো দেখার দায়িত্ব কার?
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাকের ডগায় এমন চিত্র থাকলেও এর প্রতিকারে কার্যকর ব্যবস্থা কতটা নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি রয়েছে প্রশাসন ও ট্রাফিক বিভাগের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কোর্টরোডের অবৈধ দখল, হকার ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কোর্টরোড, ব্রাহ্মণবাড়িয়া।
