ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান মো. সায়েদুর রহমান।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সায়েদুর রহমানকে গ্রেড-২ পদে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই।
বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদে দায়িত্ব পালন করছেন।
পারিবারিকভাবেও গর্বের এই পরিবারের সঙ্গে রয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতির ইতিহাস। সায়েদুর রহমানের মা রত্না গর্ভা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছিলেন।
তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা দিয়েছে।
