বিশ্ববিদ্যালয়ের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে—এমন দাবি তুলে জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। বিশেষ করে জেলার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সংসদে বক্তব্যে মো. খালেদ হোসেন মাহবুব বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি শিক্ষিত জনগোষ্ঠীর জেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে জেলার বিশেষ সুনাম রয়েছে। প্রতিবছর জেলার হাজার হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করলেও নিজস্ব কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষার জন্য তাদের দূরবর্তী শহরে যেতে হয়।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শুধু জেলার শিক্ষার্থীরাই নয়, পার্শ্ববর্তী মাধবপুর, ভৈরব এবং কুমিল্লার একটি অংশের শিক্ষার্থীরাও এর সুফল পাবে।
মেয়েদের উচ্চশিক্ষার প্রসঙ্গ তুলে এমপি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে জেলার নারী শিক্ষার্থীরা। সামাজিক ও অর্থনৈতিক নানা কারণে অনেক পরিবার মেয়েদের দূরের শহরে পাঠাতে আগ্রহী নয়। ফলে ইচ্ছা ও মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নারী শিক্ষার প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাই জেলার শিক্ষার অগ্রগতি ও নারী শিক্ষার সুযোগ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে সংসদে তুলে ধরেন তিনি।
