ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় করে গাঁজা বহনের সময় ২০ কেজি গাঁজাসহ স্বপন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পৌরসভার নারায়ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আখাউড়া থানার একটি দল নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
