মোহাম্মদ অলিউল্লাহ খান
বিশেষ প্রতিনিধি
তারিখ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ / Sunday, September 13, 2026
কিশোরগঞ্জ অঞ্চলের দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল কুলিয়ারচর উপজেলার কালনী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে।
গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল সাড়ে চারটায় এই অভিযান পরিচালিত হয়।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সরাইল নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসানের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে নদী থেকে ৭০টি চায়না দুয়ারী রিং জাল এবং ৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধ্যে ১,২৬০ মিটার দৈর্ঘ্য ও ৫,০৪০ বর্গমিটার আয়তনের ৭০টি চায়না দুয়ারী রিং জালের প্রতিটির মূল্য ৩,০০০ টাকা ধরে সর্বমোট মূল্য ২,১০,০০০ টাকা এবং ৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জালের ক্ষেত্রফল ৫০,০০০ বর্গমিটার ধরে যার মূল্য ৩,০০,০০০ টাকা নির্ধারণ করা হয়।
জব্দকৃত জালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫,১০,০০০ (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা। পরবর্তীতে কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সমস্ত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
