ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উমেদপুর ও রাজেন্দ্রপুর এলাকায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাদুটি মাদকের হটস্পট হিসেবে পরিচিত হওয়ায় মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রাজনীতিবিদ, শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মো. সাইফ মিয়া, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, প্রধান সমন্বয়ক মো. রোবায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি কমিটি গঠন করেন।
সমাবেশে উপস্থিত বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
