মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রবিশল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলুর রহমান ভূঁইয়ার বাড়িতে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নতুন এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
সকালে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, বিএনপি নেতা ও ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন আব্দু, শরীফুল হক স্বপন, মো. সেলিম ভূঁইয়া, মো. আক্তার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশ করে। পরে চলতি জুলাই মাসে মো. ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তাঁর ছেলে কবির আহমেদ ভূঁইয়া সদর উপজেলার ওই ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করার দাবিতে আবেদন করেছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. ফজলুর রহমান ভূঁইয়া বলেন, বরিশল ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সরকারি সব ধরনের বরাদ্দ স্বচ্ছতা, জবাবদিহি ও স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে বণ্টন করা হবে। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
নতুন এই ইউনিয়ন গঠনের ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে উন্নীত হয়েছে। বরিশল ইউনিয়নের অন্তর্ভুক্ত ছয়টি গ্রামই আখাউড়া পৌর এলাকার সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা আখাউড়া উপজেলার সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রত্যাশার বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও সন্তোষ বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত বরিশল ইউনিয়নের কার্যক্রম শুরুর মাধ্যমে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
