ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
চীনের ইউহান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো-এর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন (China-South Asia Exposition)-এ অংশ নিতে মঙ্গলবার (১০ জুন) তিনি দেশ ত্যাগ করেন।
জানা গেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে এমপি শ্যামলও এ আন্তর্জাতিক আয়োজনে যোগ দিচ্ছেন।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে নানা উদ্যোগ নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
