ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ২ হাজার ৪৬০ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাক গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালানকৃত জিরা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলেন—১. মোঃ বাদল শেখ (৫৫), পিতা: মৃত জয়নাল আবেদীন, মাতা: মোছাঃ পিয়ারা বেগম, ঠিকানা: ক্ষিরপাড়া, থানা– তাড়াশ, জেলা– সিরাজগঞ্জ।২. মোঃ মেহেদী হাসান (১৯), পিতা: মোবারক হোসেন @ মাসু, মাতা: লুৎফন নাহার, ঠিকানা: কেন্দুয়াব, থানা– কাপাসিয়া, জেলা– গাজীপুর।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
