ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার ইকরতলী এলাকার বাছির মিয়ার ছেলে মো. সোহেল মিয়া এবং কালাছাড়া (তালগাইচ্ছা হাটি) এলাকার জসিম মিয়ার ছেলে মো. আরিফ হোসেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
