সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন রবিবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকালে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করে তিনি জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সফর করেন এবং নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শুরুতে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে আলেম-ওলামাদের কাছ থেকে দোয়া নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি নারী ও শিশুদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এমপি নাদিয়া পাঠান পাপন নিজ উপজেলা বিজয়নগরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন।
পরে বিজয়নগরে তিনি ইছাপুর ইউনিয়নের খাদুরাইল গ্রামে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এবং চান্দুরা গ্রামের পৈত্রিক নিবাস হাজী বাড়িতে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন ও খোঁজখবর নেন।
দিনব্যাপী এই সফরে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
