ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হলে ১৬ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে উদ্ধার করা মদ ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. রাশেদ ভূঁইয়া কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. সুধন ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।
