আখাউড়া প্রতিনিধি:
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আরও দুই দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দর খোলা থাকবে এবং এ সময় স্বাভাবিক নিয়মে বাণিজ্য কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৬ অক্টোবর) মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে অবহিত করা হয়েছে।
সূত্র: আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন
