নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে ট্রেনে করে ঢাকায় ইয়াবা পাচারের চেষ্টাকালে এক নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার গোপনাঙ্গে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া।
গ্রেপ্তার হওয়া নারী সাবিত্রী রানী ব্রহ্ম (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকার বাসিন্দা এবং নির্মল ব্রহ্মের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারী যাত্রীকে নারী পুলিশের সহায়তায় তল্লাশি করা হলে তার গোপনাঙ্গে লুকিয়ে রাখা একটি ছোট প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রেলপথে মাদক পাচার রোধে রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
