মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মানি পূর্ব শাখার উদ্যোগে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জার্মানি পূর্ব শাখার শীর্ষস্থানীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের ঐতিহাসিক ভূমিকা, প্রবাসে সাংগঠনিক কার্যক্রম এবং আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবাসের মাটিতে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা ধারণ করে প্রবাসে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জার্মানি পূর্ব শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও সার্বভৌমত্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
