ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. গাজী মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি আটক করে ডিবি পুলিশের একটি দল।
পরে অটোরিকশাটি তল্লাশি করে ৫২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ২৮০ পিস স্কিনশাইন ক্রিম, ২০ বোতল ডাবর আমলা হেয়ার অয়েল এবং ২০ বোতল ডাবর ভাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল উদ্ধার করা হয়। এ সময় প্রসাধনী বহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ মো. গাজী মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. গাজী মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা জেলার আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকায়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা প্রসাধনী ও অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।
