ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও সহিংসতার মামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ (মঠের গুঁড়ি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা চলমান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কাজী রেজাউল করিম বাবুল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তার চিকিৎসা চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত আসামি। গ্রেফতারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
