নাসিরনগর হাওর পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার মেদির হাওর এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বলেন, কৃষকদের উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, হাওরের কৃষকদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক বড়। এ সময় অল ওয়েদার রোডের কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে কি না তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে পানি কিছুটা কমে যাওয়ায় হাওরের ডুবে থাকা জমি দৃশ্যমান হয়েছে। অনুকূল আবহাওয়ায় কৃষকরা ধান শুকাতে পারলেও পানিতে তলিয়ে থাকা অনেক জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে।
চলতি মৌসুমে নাসিরনগরে ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। কৃষি বিভাগের তথ্যমতে, ঢলের পানিতে ৩০৫ হেক্টর জমির ধান তলিয়ে প্রায় ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।
