ব্রাহ্মণবাড়িয়ার তেলিনগরে অবস্থিত জামিয়া রহিমিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় বার্ষিক বদরীণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় আয়োজিত এ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বদরীণ সদস্য কার্যক্রম মূলত ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল বদর যুদ্ধের স্মরণে পরিচালিত একটি দ্বীনি ও সামাজিক উদ্যোগ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবায়ে কেরামের আত্মত্যাগ ও ঈমানি চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে ৩১৩ জন সদস্য নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিটি সদস্য বছরে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সংগৃহীত এই অর্থ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, ছাত্রসেবা এবং বিভিন্ন দ্বীনি খাতে ব্যয় করা হয়। আয়োজকরা জানান, এটি শুধু অর্থ সংগ্রহের একটি পদ্ধতি নয়; বরং দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সমাজের মানুষের সম্পৃক্ততা ও সহযোগিতার একটি সুন্দর মাধ্যম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম। তিনি বলেন,
“আমরা দুনিয়াবী বিভিন্ন কাজে কত অর্থ ব্যয় করি। অথচ বছরে মাত্র ১ হাজার টাকা করে এই দ্বীনি প্রতিষ্ঠানের কাজে দান করার মাধ্যমে আমরা সওয়াবের অংশীদার হতে পারি। যারা এখনো সদস্য হইনি, আমরা সদস্য হবো ইনশাআল্লাহ।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বদরীণ সদস্য ও অতিথিদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
