রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনের মঞ্চে ফুটে উঠেছে বাংলার লোকজ সংস্কৃতির অনন্য এক উপস্থাপনা। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের শৈল্পিক ও মনোমুগ্ধকর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি গ্রামীণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা পৌঁছে দেয় উপস্থিত সবার মাঝে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিবেশনাটি উপভোগ করেন।
পুতুল নাচের পুরো পরিবেশনাটি পরিচালনা করেন কোরিওগ্রাফার মোহাম্মদ আল সাইফুল আমীন জিয়া। তাঁর সুদক্ষ পরিচালনা ও পরিকল্পনায় সূর্যমুখী কিন্ডারগার্টেনের একঝাঁক খুদে শিক্ষার্থী অবিকল পুতুলের মতো নিখুঁত অঙ্গভঙ্গিতে মঞ্চ মাতিয়ে তোলে। তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে বাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি শক্তিশালী বার্তাও উঠে আসে।
