আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানকালে জেলার বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।এছাড়া সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ থানায় দ্রুত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
