মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থানা সংলগ্ন সেতুর পাশে একটি বহুতল ভবন থেকে উদ্ধার করা হয়।
নিহত শাহিনুর আক্তার উপজেলার সলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মাসুদ মিয়া সৌদিপ্রবাসী। শাহিনুর ওই ভবনের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, মাসুদ শাহিনুরের দ্বিতীয় স্বামী। প্রথম সংসারে তাঁর ৮ বছর বয়সী এক ছেলে আছে, যিনি মাঝে মধ্যে মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। তবে ঘটনার সময় ছেলে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশীরা ও নিহতের পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। বাঞ্ছারামপুর থানা-পুলিশ এসে ফ্ল্যাটের ভেতর থেকে শাহিনুরের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবনটির মালিক নজরুল ইসলাম বলেন, “আমি ফ্ল্যাটে গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে নিহতের মা ও বোনরা এসে তালা ভেঙে ভিতরে ঢুকেন। তখন লাশ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।”
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, ধারণা করা হচ্ছে, দুই দিন আগে শাহিনুরকে হত্যা করা হয়েছে। লাশটি পচন ধরেছে এবং হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ ও সিআইডি তদন্ত চালাচ্ছে।
