মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর ইব্রাহীম (১০) নামে এক শিশুর মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইব্রাহীম উপজেলা সদরের আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে শিশুটি তলিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে দুই দিন ধরে শিশুটির সন্ধান পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় মরদেহ ভেসে ওঠে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহটি পচে ফুলে গেছে এবং শিশুটির বাবা মরদেহ শনাক্ত করেছেন।
