মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এক অভিনন্দন বার্তায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন দক্ষ, সৎ, পরিশ্রমী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কার্যকর সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলার মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আমি তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি, তাঁর নেতৃত্বে দেশের বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
অভিনন্দন বার্তার শেষে সিরাজুল ইসলাম সিরাজ মহান আল্লাহর কাছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সফলতা, কল্যাণ ও দেশ-জাতির সেবায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য দোয়া কামনা করেন।
