নিউজ রিপোর্ট:
বালুবাহী বাল্কহেডের ধাক্কায় আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ কুরুলিয়া রেলসেতু। স্থানীয়দের অভিযোগ, সেতুর নিচ দিয়ে চলাচলের সময় অসতর্কভাবে বাল্কহেড চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার।
ঘটনার পর দেখা গেছে, দায় এড়াতে সংশ্লিষ্টরা নদীতেই বালু আনলোড করে বাল্কহেড হালকা করে এবং আটকে যাওয়া নৌযান সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এতে নদী ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কুরুলিয়া রেলসেতুটি চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বছরের পর বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সেতু ক্ষতিগ্রস্ত হলে পুরো রেল যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রশ্ন—কাদের প্রভাব ও শক্তিতে এ ধরনের কর্মকাণ্ড বারবার ঘটছে?
তারা অভিযোগ করেন, ব্যবসার আড়ালে প্রভাবশালী মহল কোটি কোটি টাকার বাণিজ্য পরিচালনা করছে, কিন্তু জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে।
এ অবস্থায় কুরুলিয়া রেলসেতু রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
