জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে কিশোরীর পরিবার ওই প্রস্তাবে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখাও বন্ধ করে দেয় তার পরিবার বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তাদের বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন তারা।
এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি।
