ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ‘কৃষক কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতিহারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি ‘কৃষক কার্ড’-এর তথ্য সংগ্রহ অভিযান তৃণমূল পর্যায়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিজয়নগর উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
