মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজকর্মী মোঃ জুবায়েদ হোসেন (ফয়সাল)। তাঁর নির্বাচনী ব্যালট নং-১৩।
‘তারুণ্যের শক্তিতে, সততার বন্ধনে, রেড ক্রিসেন্ট গড়বো মোরা মানবিক উন্নয়নে’ এই প্রত্যয়কে সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছেন জুবায়েদ হোসেন ফয়সাল। তিনি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জুবায়েদ হোসেন ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য নং-৯৩৭৮। নির্বাচনে তিনি ইউনিটের আজীবন সদস্য ও সংশ্লিষ্ট ভোটারদের দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি মানবিক মূল্যবোধ, সততা, স্বচ্ছতা ও তারুণ্যের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টের সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সু-সংগঠিত করার প্রত্যাশা তুলে ধরেছেন তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় (বি.বাড়িয়া স্কুল)।
নির্বাচনকে সামনে রেখে জুবায়েদ হোসেন ফয়সাল ভোটারদের উদ্দেশে তাঁর ব্যালট নং- ১৩-এ মূল্যবান ভোট প্রদান এবং তাঁর প্রতি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, তারুণ্যের উদ্যম, সততা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টকে আরও জনবান্ধব ও কার্যকর মানবিক সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
