ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার ও চোরাচালান ঠেকাতে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
এদিন আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। বিজিবি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা বাড়তে পারে। এজন্য আগামী কয়েকদিন সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখা হবে।
জেলার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে সংযুক্ত। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের অপচেষ্টা চালাতে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “অবৈধভাবে ভারত থেকে পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঈদের দিনেও বিজিবি সদস্যরা বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে পারে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত থাকে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নিরাপদ রাখতে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানেও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।”
