সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ইসলামি ঐক্যজোটের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মুহাম্মদ বিটু, ইসলামি ছাত্র ফোরামের কেন্দ্রীয় অভিভাবক ফোরামের সদস্য মাওলানা খালেদ সিরাজীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, “গত বছর ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ইসলামী ঘরানার দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। তখন প্রত্যাশিত সাড়া না মিললেও ভবিষ্যতে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা করি।”
এছাড়া বক্তারা মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর রাজনৈতিক দূরদর্শিতা, বলিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব এবং দেশের স্বার্থে তার আপোষহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।