সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭)। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি।
অন্যদিকে, গ্রেপ্তার মারুফ হাসান পাভেল (৩২) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রামরাইল এলাকা থেকে শাহীন হাজারীকে এবং নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফ হাসান পাভেলকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রোববার (৮ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
